‘মিশন ইমপসিবল' সম্ভব করতে প্রায় রেকর্ড সময় ধরে ইইউ শীর্ষ নেতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। করোনা সংকটের মুখে অনুদান, ঋণ ও বাজেট নিয়ে তাদের মতপার্থক্য দূর হচ্ছে না। গতকাল সোমবার ঐকমত্য হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। করোনা সংকটের জের ধরে অভূতপূর্ব অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই রাষ্ট্রজোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন মন্দার আশংকা কখনো দেখা যায়নি। বিপর্যস্ত অর্থনীতি চাঙা করতে অবিলম্বে পদক্ষেপ না নিলে এমনকি ইইউ’র অস্তিত্ব সংকটের আশংকা করছেন অনেকে। তা সত্ত্বেও কিছুতেই সেই প্রণোদনা কর্মসূচি সম্পর্কে ঐকমত্যে আসতে পারছেন না ইইউ নেতারা। বহুকাল পর শুক্রবার ব্রাসেলসে সশরীরে মিলিত হওয়ার পর থেকে তর্ক-বিতর্ক চলে আসছে। শীর্ষ সম্মেলনের সময়সীমা বার বার বাড়ানো হচ্ছে। সোমবার সকালেও নিষ্পত্তি হয়নি। -ডয়চেভেলে
