জমজমাট ঈদের পাঁচফোড়ন

আপডেট : ২১ জুলাই ২০২০, ১৯:৩৬

বিনোদন রিপোর্ট

 

প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রচার হবে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে নিজ নিজ বাসায় থাকা দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফোনালাপ নিয়ে। পাঁচফোড়নে করোনা সম্পর্কে নানা সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও করণীয় এবং কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমত্কার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে গান থাকছে ৩টি। করোনার কারণে অনেকদিন গ্রামে যেতে না পারার আকুতি নিয়ে আসিফ ইকবালের কথায় শিল্পী নকীব খান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গেয়েছেন একটি হূদয়স্পর্ষী গান। গানটির সুরও করেছেন নকীব খান। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ধ্রুবতারা ব্যান্ড পরিবেশন করেছে আর একটি গান। গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা, সুর করেছেন এস আই টুটুল। গানটি মানিকগঞ্জে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিংস্পটে ধারণ করা হয়েছে। এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কণা গেয়েছেন আরেকটি একটি গান। গানটির সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যাঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে। এবারও কোরবানির ঈদ ও করোনা সচেতনতার ওপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, আব্দুল আজিজ, শুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, আমিন আজাদ, বিলু বড়ুয়া, শাহেদ আলী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সাজ্জাদ সাজু, সজল, মতিউর রহমান, মনজুর আলম, জাহিদ চৌধুরী, পাপিয়াসহ অনেকে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে।