বগুড়ার আদমদীঘি উপজেলার ব্যস্ততম মুরইল বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিটি অযত্ন-অবহেলায় জরাজীর্ণ। সেখানে যাত্রীরা উঠতে পারেন না। প্লাস্টার, ছাদের অংশ খসে খসে পড়ছে। মেঝেতে বৃষ্টির পানি, বসার আসনসহ সর্বত্র আর্বজনায় ঠাসা। সড়কপথের যাত্রীদের এখানে অপেক্ষা করা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। অব্যবহারের কারণে স্থাপনাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে। যাত্রীছাউনির এ দুর্দশায় যাত্রীদের খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। মুরইল বাসস্ট্যান্ড গুরুত্বপূর্ণ হওয়ায় উপজেলা পরিষদ ১৯৮৮ সালে ঐ যাত্রীছাউনি নির্মাণ করে। তারপর আর সংস্কার করা হয়নি। বর্তমানে ছাউনির মেঝে থেকে সড়ক তিনফুট উঁচু। ফলে বৃষ্টি হলেই রাস্তার পানি যাত্রীছাউনির ভেতরে এসে জমে। যাত্রীছাউনিটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এখান থেকে শত শত যাত্রী যাতায়াত করেন। বৃষ্টি নামলে তাদের দুর্ভোগের শেষ থাকে না। যাত্রীছাউনিটি ব্যবহার উপযোগী করতে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
