আগৈলঝাড়া ( বরিশাল) সংবাদদাতা
ঈদুল আজহার বাকি আর মাত্র কদিন। কোরবানির ঈদ মানেই পশু জবাই। আর পশু জবাই করতে দরকার দা, বটি, ছুরি, চাকু, চাপাতিসহ বিভিন্ন ধারাল সরঞ্জাম। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসব জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আগৈলঝাড়ার কামারপাড়ার শিল্পীরা। এদিকে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কোরবানির অপরিহার্য এসব জিনিসপত্রের দামও এবার বেড়েছে বলে জানিয়েছেন উপজেলার রাজিহার গ্রামের কামার শিল্পী অশোক দাশ ও বাসুদেব দাশ। তারা জানান, কামারদের কেউ ব্যস্ত নতুন দা-বটি তৈরিতে, আবার কেউ ব্যস্ত পুরোনো দা, বটি, ছুরি, চাপাতিতে শান (ধারাল করার কাজে) দিতে। তবে নতুন কাজের চেয়ে গৃহস্থদের কাছে পশু জবাইয়ের জন্য পুরোনো দা-চাকুগুলোতে শান দিতে বেশি আগ্রহ। এজন্য গৃহস্থদের চাহিদা মেটাতে অন্য সময়ের চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে আগে থেকেই ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়তি লোকও রেখেছেন কামার শিল্পীরা। সরেজমিনে আগৈলঝাড়া উপজেলা সদর বাজার, রাজিহার, গৈলা বাজার, গুপ্তের হাটবাজার, সাহেবের হাট, বাশাইল, পয়সারহাট, ছয়গ্রামসহ বিভিন্ন হাটবাজারে কোরবানির ঈদকে সামনে রেখে দা, বটি, চাকু, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে দেখা গেছে কামারদের।
