ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় কাহারোলের পাটচাষিরা

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৭

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

চলতি মৌসুমে পাটের সঠিক মূল্য পাবে কি-না তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে উপজেলার পাটচাষিরা।  মঙ্গলবার উপজেলার কাহারোল হাটে দেখা গেছে, পাটচাষিরা বাজারে পাট বিক্রি করার জন্য নিয়ে এসেছে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। নয়াবাদ গ্রামের পাটচাষি অতুল চন্দ্র রায় জানান, অধিক মজুরি দিয়ে শ্রমিক নিয়ে জমি থেকে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়িয়ে সেই পাট বাজারে বিক্রি করতে যে খরচ হয়েছে বিক্রি করে দাম কম পাওয়া যাচ্ছে। গতবারের তুলনায় এবারে পাটের মূল্য কম। ঈশানপুর গ্রামের পাটচাষি রবীন্দ্রনাথ বলেন, প্রতি বিঘা জমিতে ১৫ হাজার টাকা করে খরচ হয়েছে। তাতে পাট উত্পাদন হয়েছে ১০ মণ হারে। এই পাট বিক্রি করে বর্তমান বাজার মূল্যে উত্পাদন খরচ উঠবে না। কাহারোল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩১৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পাটের কিছুটা ক্ষতি হয়েছে। তবে উত্পাদিত পাটের সঠিক বাজার মূল্য পেলে পাটচাষিদের ক্ষতি পুষিয়ে যাবে।