ওয়ান স্টপ সার্ভিস আইনে অন্তর্ভুক্ত হলো বিসিক

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটির ‘ক’ তপশিলে বিসিককে অন্তর্ভুক্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর ফলে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের  মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুত্, গ্যাস ও পানির সংযোগ, টেলিফোনের সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট সব সেবার জন্য অনলাইনে আবেদন এবং এক জায়গা থেকেই এসব সেবা পাবেন। উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পর পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) এ আইনে অন্তর্ভুক্ত করা হলো।

ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আসার ফলে কোনো বিনিয়োগকারীকে প্রাথমিক অনুমোদন ও অন্যান্য সেবার জন্য আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যেতে হবে না। বিনিয়োগকারীদের কোন সেবা কত দিনের মধ্যে দিতে হবে, সেটিও বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে। ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ এলাকায় ২০ হাজার একর জমিতে ৫০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিসিক। এ প্রসঙ্গে বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ওয়ানস্টপ সুবিধা নিশ্চিত করতে শিগিগরই একটি প্রকল্প গ্রহণ ও পরামর্শক নিয়োগ দেওয়া হবে।