স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো ল্যাজিওর বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগে ৫০ গোল করার রেকর্ড গড়েছেন। আরো কিছু কীর্তি গড়ার দিনে রোনালদো অবশ্য জানালেন, নিজের রেকর্ডের চেয়ে দলের ২-১ ব্যবধানের জয়ই বেশি তৃপ্তি দিয়েছে তাকে!
ম্যাচটির আগে টানা তিন ম্যাচ জয়শূন্য ছিল জুভেন্তাস। গোলশূন্য থেকে যখন দুই দল বিরতিতে যাচ্ছে, টানা তৃতীয় ড্র আর চতুর্থ ম্যাচে জয়শূন্যতাই চোখ রাঙানি দিচ্ছিল তুরিনের বুড়িদের। তখনই রোনালদোর আবির্ভাব। ৫১ মিনিটে থেকে পেনাল্টি দলকে এগিয়ে দেন তিনি। এর মিনিট তিনেক পরই আবারও প্রতি-আক্রমণে ওঠা জুভেন্তাস ব্যবধান বাড়ায় পর্তুগিজ তারকার সুবাদে। ৮৩ মিনিটে ল্যাজিও পেনাল্টি থেকে ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা আর পায়নি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে তালিকার শীর্ষে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল জুভেন্তাস।
কীর্তি গড়ার চেয়ে রোনালদোকে তৃপ্তি দিয়েছে দলের জয়ই। তিনি বলেন, ‘রেকর্ড গুরুত্বপূর্ণ হলেও দলের জয়টা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে শক্তিশালী দল সেটা আজ আবারও প্রমাণ করেছি।’
এর ফলে সিরি’আ সর্বোচ্চ গোলদাতার তালিকারও শীর্ষে চলে এসেছেন রোনালদো। একে দলের জয়ে অবদান রাখার ফলই বললেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘এসব ব্যাপার ভালো। কিন্তু ক্যাপোক্যানোনিয়েরে (সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) একটা স্বাভাবিক প্রক্রিয়া যা দলের জয়ে অবদান রাখতে পারলে আপনা আপনিই চলে আসে।’
যত কীর্তি রোনালদোর
১২ ল্যাজিওর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করায় চলতি মৌসুমে রোনালদোর টানা সফল পেনাল্টি নেয়ার সংখ্যা দাঁড়াল ১২-তে। টানা ১১টি পেনাল্টি থেকে গোল করে এর আগের রেকর্ডটি ছিল রবার্তো বাজ্জিওর।
২০ চলতি বছরে রোনালদোর লিগ গোলসংখ্যা। ২০২০ সালে শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগে এর চেয়ে বেশি গোল নেই আর কারো।
৩০ জুভেন্তাসের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৩০ গোলের কীর্তি গড়লেন রোনালদো। এর আগে ১৯৩৩-৩৪ মৌসুমে ফেলিস বোরেল (৩১) আর ১৯৫১-৫২ মৌসুমে জন হ্যানসেন (৩০) এ কীর্তি গড়েছিলেন।
৫০ ইউরোপীয় ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড, স্পেন আর ইতালিয়ান লিগে ৫০ গোলের কীর্তি গড়েছেন রোনালদো।
৬১ ৫০ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৬১টি ম্যাচ। শেষ ২৫ বছরে সিরি’আয় অভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে এর চেয়ে দ্রুততম সময়ে আর কেউ ৫০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি। তবে কোন লিগে ৫০ গোলের মাইলফলক ছোঁয়ায় এটাই রোনালদোর সবচেয়ে কম ম্যাচ খেলার কীর্তি নয়। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৫০ গোল করতে খেলেছিলেন মাত্র ৫১ ম্যাচ! তথ্যসূত্র: ইএসপিএন
