ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন জোফরা আর্চার। প্রথম টেস্ট শেষে ‘বায়ো-সিকিউর’ বিধি ভেঙে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটান আর্চার। ঘটনা জানাজানি হলে শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয় দ্বিতীয় টেস্টের দল থেকে। রাখা হয় পাঁচ দিনের আইসোলেশনে। এই সময়ে দুই দফায় কোভিড-১৯ পরীক্ষা করা হয় তার। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পাঁচ দিনই হোটেলে বসে কাটাতে হয়েছে আর্চারকে। ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে অবশ্য শেষ দুই দিন রানিং ও নেট অনুশীলন করেন এই পেসার। তবে তা সকাল ৭টার দিকে, দুই দলের ক্রিকেটাররা মাঠে পৌঁছানোর আগে। এ সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার করেন তিনি। নেটে অনুশীলন করেছেন একাই।
