স্পোর্টস ডেস্ক
দারুণ এক জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে পঞ্চম দিনের লড়াইয়ে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত ইংলিশ অধিনায়ক জো রুট।
ম্যাচের নায়ক অবশ্যই বেন স্টোকস। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ব্যাট করতে নেমে খেলেছেন ১৭৬ রানের অসাধারণ ইনিংস। পরিস্থিতি ও উইকেটের দাবি মেটানো ইনিংসে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ২৫৫ বলে, তার ক্যারিয়ারের ১০ সেঞ্চুরির মধ্যে যা মন্থরতম।
দ্বিতীয় ইনিংসে সেই স্টোকসই অন্য রূপে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের জয়ের পরিস্থিতি সৃষ্টির জন্য প্রয়োজন ছিল দ্রুত রান তোলা। ১০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে পাঠানো হলো স্টোকসকে। তিনি উপহার দিলেন ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। তার ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যেই দ্রুত ইনিংস ঘোষণা করে বোলারদের পর্যাপ্ত সময় দিতে পারে ইংল্যান্ড।
বল হাতেও যথারীতি ছিলেন কার্যকর। পেয়েছেন তিন উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই বিস্ময় ফুটে উঠল অধিনায়ক জো রুটের কণ্ঠে। তিনি বলেন, ‘এটা অসাধারণ এক পারফরম্যান্স। আমার মনে হয় সে ‘মি. ইনক্রেডিবল।’ আমি নিশ্চিত, এই পর্যায়ের পারফরম্যান্স সে নিয়মিতই করে যেতে পারে। সত্যি বলতে, ওর সামর্থ্যের সীমানা ছুঁতে পারে আকাশ। সে যেভাবে নিজেকে এগিয়ে নিচ্ছে, এমন পারফরম্যান্স নিয়মিত না করতে পারার কারণ নেই।’ তিনি আরো বলেন, ‘এই ম্যাচের মতো পরিপূর্ণ পারফরম্যান্স দেখানো এবং বিভিন্ন পরিস্থিতির দাবি মেটানো, এসব আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্যকেই আরো বাড়িয়ে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি এভাবেই সব পরিস্থিতি পড়তে পারে এবং এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে এই সপ্তাহে যা করেছে ও গত ১২ মাস ধরে যা করে আসছে, এমন অসাধারণ পারফরম্যান্স ধরে রাখতে না পারার কারণ নেই।’
