স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপের ‘ই’ গ্রুপের লড়াই হবে মালদ্বীপেই, নিশ্চিত করেছে এএফসি। আগামী অক্টোবরে মহাদেশীয় এ আসর খেলতে বসুন্ধরা কিংস যখন মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে, তার আগে ও পরে দলকে বাধ্যতামূলক করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
গেল মার্চে চলতি মৌসুমের এএফসি কাপের খেলা শুরু হলেও করোনা ভাইরাসের কারণে এক ম্যাচ পরেই স্থগিত ঘোষণা করা হয়। আগামী অক্টোবরে অবশেষে আবারও মাঠে গড়াবে টুর্নামেন্টটি। হোম-অ্যাওয়ে খেলার পরিবর্তে ফরম্যাট বদলে এক দেশেই আয়োজিত হবে প্রতি গ্রুপের লড়াই।
‘ই’ গ্রুপের লড়াই আয়োজন করবে মালদ্বীপ। গ্রুপের অন্যান্য দেশ বাংলাদেশ ও ভারতের কেউ আয়োজক হওয়ার আবেদন না করায় মালদ্বীপে আয়োজক হওয়া প্রায় নিশ্চিতই ছিল। গতকাল বাফুফেকে দেওয়া এক বার্তায় চূড়ান্তভাবে তাদেরই নাম ঘোষণা করেছে এএফসি। দেশটির আদ্দু স্টেডিয়াম ও ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ শ্রেষ্ঠত্বের জন্য আগামী ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত লড়বে বসুন্ধরা কিংস, টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস ও চেন্নাই সিটি এফসি।
করোনা থেকে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একবার করোনা পরীক্ষার নির্দেশনা দিয়েছে এএফসি। মালদ্বীপে নেমেও আরো এক দফা পরীক্ষা করা হবে খেলোয়াড় ও স্টাফদের। এদিকে সফরকারী প্রতিটি দলকে যাতায়াত বাবদ ৪০ হাজার ও থাকা-খাওয়া বাবদ আরও ৯০ হাজার ডলার দেবে বলে জানিয়েছে এএফসি।
