চিকিত্সার জন্য লন্ডন যাবেন তামিম

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

ফোনে কথা বলতে পারলেন না। বললেন, শরীরটা ভালো না।

বেশ কিছুদিন ধরেই শরীর ভালো না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। অন্ত্রে তীব্র ব্যথায় ভুগছেন তিনি। গত এক মাসে কয়েকবার এই ব্যথার আক্রমণ হয়েছে। দেশে অনেক পরীক্ষা- নিরীক্ষাও করিয়েছেন। কিন্তু ব্যথার কারণ ধরা পড়েনি। তাই এখন একটু ভালো চিকিত্সার জন্য ব্রিটেনে যাওয়ার কথা ভাবছেন এই বাঁ-হাতি ওপেনার।

অনেক ক্রিকেটার এককভাবে অনুশীলন শুরু করলেও সেখানে অংশ নিতে পারেননি তামিম। আসলে অংশ নেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি। তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তীব্র ব্যথা হচ্ছে মাঝে মাঝে পেটে। এই ব্যথা হলে একেবারে নড়াচড়া করতে পারেন না। অসহনীয় এই ব্যথার জন্যই খুব বিপাকে আছেন তিনি।

দেশে একটি হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। কিন্তু সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি। এখন এন্ড্রোস্কপি, কোলোনস্কপি করতে হবে। সেটা করতে গেলে হাসপাতালে ভর্তি হতে হবে। আবার করোনার জন্য এখন হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও নিতে পারছেন না। তাই সব মিলিয়ে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সেখানে একজন চিকিত্সকের সঙ্গে আলাপও করেছেন। সমস্যা হলো লন্ডনে গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা জেনেও লন্ডন যাওয়ার ঝুঁকি নিতে যাচ্ছেন তামিম। এখন সুযোগ পেলেই তিনি ভালো চিকিত্সার জন্য বাইরে যেতে চান।