বিশ্বকাপের বদলে আইপিএল!

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

এমন একটা সম্ভাবনার কথা সমালোচকেরা আগেই বলছিলেন। এ বছর সম্ভব হলেও আইসিসি আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে না। বরং সেই সময়ে ভারত আয়োজন করবে আইপিএল। সেটাই সম্ভবত হতে যাচ্ছে। আইসিসি স্থগিত করেছে বিশ্বকাপ। আর বিসিসিআই এখন দুবাইয়ে আইপিএল আয়োজনের চেষ্টা করছে।

আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, সরকারের অনুমতি পেলেই তারা আয়োজন করবেন আইপিএল, ‘এটা দুবাইয়ে অনুষ্ঠিত হবে, তবে সবার আগে আমরা সেখানে আয়োজনের জন্য ভারত সরকারের অনুমতি নেব।’ ব্রিজেশ প্যাটেল আইপিএলের সম্ভাব্য তারিখও জানিয়েছেন, ‘আমরা সেপ্টেম্বর-অক্টোবরের কথা ভাবছি।’

১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে ৭ নভেম্বর পর্যন্ত।