রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:০৩

দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহায়তাই উদ্দেশ্য

সিনহুয়া

দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ককে আরো জোরদার করতে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মঙ্গলবার তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। 

সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। এ সময়ে তাদের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলো উঠে আসবে। টুইটারে দেওয়া এক পোস্টে মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বার্তা পৌঁছে দেবেন জারিফ। রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের প্রধান মিত্র বা পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। সিরিয়াতেও ইরানের মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাশিয়া। সিরিয়া ইস্যুতে গত জুনে তুরস্ক ও রাশিয়া সফর করেন জারিফ। উভয় দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে সিরিয়া পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে তাদের মধ্যে কথা হয়। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাত্কারে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আলোচনায় গুরুত্ব পাবে রাশিয়া থেকে নতুন অস্ত্র ক্রয়ের বিষয়টি।