সাজানো মামলায় কর্নেল তাহেরকে খুন করেছিল জিয়া : ইনু

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমকে ৪৪ বছর আগে সামরিক শাসক জিয়াউর রহমান মিথ্যা সাজানো মামলায় প্রহসনমূলক বিচারে ফাঁসি দিয়ে ঠান্ডা মাথায় খুন করেছিল। কর্নেল তাহেরকে হত্যার ৪৪তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি দুর্নীতিবাজ ও লুটেরা উত্পাদন পুনরুত্পাদনের কারখানা। জাসদ তাই গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা, দুর্নীতি-বৈষম্যের অবসান করার লক্ষ্যে সুশাসন-সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছে।

আলোচনা সভার আগে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে কর্নেল তাহের মিলনায়তনে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। পরে ইনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা, শ্রমিক  জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।