করোনায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মারা গেছেন

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:৫০

ইত্তেফাক রিপোর্ট

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস পরলোকগমন করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আরো শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।

জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিত্সাধীন ছিলেন তারা।