সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশাসনিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় গত সোমবার থেকে মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার/হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, মহিলা ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, বিদেশযাত্রার ৭২ ঘণ্টা পূর্বে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরের দিন বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে। সংগৃহীত নমুনাসমূহ ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক পরীক্ষা করা হবে। সরকার কর্তৃক নমুনা পরীক্ষা ফি বাবদ ৩ হাজার ৫৩৫ টাকা ধার্য করা হয়েছে। স্থাপিত বুথসমূহে প্রতিদিন আনুমানিক ১ হাজার জন বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার/হাসপাতাল স্থাপনের কাজ চলমান রয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী চালু করা হবে।—আইএসপিআর
