নরসিংদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারীসহ নিহত তিন

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:৫৩

ইত্তেফাক ডেস্ক

নরসিংদীর পাঁচদোনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো চার জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর বিমানবন্দর সড়কের বনানীতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

নরসিংদী : নরসিংদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শিবপুর থানার খড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন দিপু (২২), নরসিংদী শহরের বাসাইল মহল্লার মোহাম্মদ আলীর মেয়ে মনিরা বেগম (২৯) ও বিল্লাল হোসেনের মেয়ে ফারজানা হক রুপা (২২)।

পঞ্চগড় : বোদা উপজেলায় ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (৩৮) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বোদা পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল পৌর এলাকার সরদারপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি বোদা বাজারের তিথী ফার্মেসির মালিক।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় ইউসুফ আলী (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর-রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারী-সৈয়দপুর সড়কে রাস্তা পারাপারের সময় নৈশকোচের চাপায় রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার ওয়াপদা নুতনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া বেগম সৈয়দপুরের ওয়াপদা নতুনহাট চৌধুরীপাড়ার বাসিন্দা ইদ্রিস আলীর স্ত্রী।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় দুই বাসের সংঘর্ষে মো. শরিফ খান (৪০) নামে এক বাস হেলপারের মৃত্যু ও আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পকেট থেকে একটি আইডি কার্ডে তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে।