পরীক্ষা কমলেও শনাক্ত বেড়েছে

আপডেট : ২১ জুলাই ২০২০, ২২:৫৮

দেশে করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবারের চেয়ে গতকাল ১২৯ জন বেশি শনাক্ত হয়েছেন। সোমবার ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৯১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক ৭৯ শতাংশ বেশি।

গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসসংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৩৬তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত             হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। সোমবারের চেয়ে গতকাল ৯ জন কম মারা গেছেন। সোমবার ৫০ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা যান ২ হাজার ৭০৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। সোমবারের চেয়ে গতকাল ৭৩ জন কম সুস্থ হয়েছেন। সোমবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১০ হাজার ৫১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৩২৯ জনের। সোমবারের চেয়ে গতকাল ১ হাজার ১৮০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৯৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৩৬২ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৪৬৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।