ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা যাওয়া চার রোগীর পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানসংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে স্থগিত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গত ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ আগুনে পুড়ে মারা যাওয়া চার রোগীর প্রতি পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। তবে ঐ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনের মধ্যে এক জনের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ২০ লাখ টাকায় আপস রফা করায় হাইকোর্ট চার জনের বিষয়ে এ আদেশ দিয়েছিল। হাইকোর্টের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার তানজীব-উল আলম এবং রিটকারী পক্ষে ব্যারিস্টার হাসান এম এস আজিম শুনানি করেন।
গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় মারা যায় করোনা ইউনিটের পাঁচ রোগী। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুন হাইকোর্ট এক আদেশে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সমঝোতায় আসতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়। পরবর্তীকালে ইউনাইটেড হাসপাতালের সঙ্গে আলোচনায় বসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তবে আলোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ২০ লাখ টাকা দিতে চায়। এতে রাজি হয়নি চারটি পরিবার। তবে মনির হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতায় আসে। এমন প্রেক্ষাপটে ১৫ জুলাই হাইকোর্ট ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
