একটি অ্যান্টিবডি টেস্টের জরিপের ভিত্তিতে বলা হচ্ছে, ভারতের রাজধানী দিল্লিতে প্রতি চার জনের একজন হয়তো কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। সরকার পরিচালিত এই জরিপে ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ দশমিক ৪৪ শতাংশের কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্টের ফল পজিটিভ এসেছে। এই জরিপের ফল দেখে মনে হচ্ছে, ভারতের রাজধানীতে আগে যা ধারণা করা হয়েছিল, করোনা ভাইরাস সংক্রমণের হার তার তুলনায় বহুগুণ বেশি। খবর বিবিসির
দিল্লিতে গতকাল পর্যন্ত পরীক্ষা করে ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যা আসলে দিল্লির ১ কোটি ৯৮ লাখ মানুষের মাত্র ১ শতাংশ। কিন্তু সংক্রমণের হার যদি সত্যি ২৩ দশমিক ৪৪ শতাংশ হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে ৪৬ লাখ ৫০ হাজার মানুষের করোনা ভাইরাস হয়েছে। এদিকে ভারত সরকার সাধারণ মানুষকে এন-৯৫ মাস্ক পরতে নিষেধ করেছে। এন-৯৫ বা স্থানীয়ভাবে এন-৯৫ মাস্ক বলে যেগুলো বিক্রি হচ্ছে, তাতে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য যে ছোট ভালভ থাকে, সেই ভাল্ভ দিয়েই একজন সংক্রমিতর প্রশ্বাসের সঙ্গে ভাইরাস বাইরে বেরিয়ে আসতে পারে।
করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে চীন
চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহণের আগে প্রমাণ করতে হবে যে, তাদের সাম্প্রতিক করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না সোমবার আরো বলেছে, ফ্লাইটের তারিখের অন্তত পাঁচ দিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষা করাতে হবে। যারা করোনা ভাইরাস নেগেটিভ পরীক্ষার প্রমাণ দেখাতে পারবে না, তাদের বিমানে আরোহণ করতে দেওয়া হবে না। এদিকে ইরানে ২৪ ঘণ্টায় ২২৯ জন করোনায় মারা গেছে যা রেকর্ড।
