ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আমেরিকা আগের মতো আর তত বড় ছাতা নয়। এর ফলে অনেক দেশ স্বাধীনভাবে অনেক কিছু করে উঠতে পারছে। করছে। এতে অবশ্য আমাদের (ভারতের) কিছু যায় আসেনি। কারণ আমরা কোনো দিনই কোনো জোটে ছিলাম না। এখনো নেই। কোনো দিনই কোনো জোটে ভিড়ব না আমরা।
চীনের উত্তরোত্তর আগ্রাসি ভূমিকা ও আমেরিকার সাম্প্রতিক অবস্থানে বিশ্বে বিভিন্ন শক্তি জোটের বিন্যাসে কোনো রদবদল ঘটবে কি না, ভারতের অবস্থানই বা কী হবে, তা আলোচনা করতে গিয়েই দুটি টেলিভিশন চ্যানেলের আয়োজনে একটি ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, যারা আমেরিকার মুখাপেক্ষী হয়ে ছিল এতদিন, সেসব দেশ এখন স্বাবলম্বী হয়ে ওঠার প্রয়োজন অনুভব করতে শুরু করেছে। জোট নিরপেক্ষতার পথে অবিচল থাকতে আগামী দিনে ভারত ‘আরো কিছু ঝুঁকি নেবে বলেও জানান জয়শঙ্কর। সিঙ্গাপুরের শিক্ষাবিদ সি রাজামোহন ও ব্যবসায়ী সুনীল মুঞ্জলের তোলা প্রসঙ্গের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বাকীর করেন, এটা ঠিক যে অর্থনীতিতে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো কয়েকটি দেশ যেভাবে এগিয়ে গেছে আমরা ততটা পারিনি। আমরা আরো ভালো করতে পারতাম। আমরা পুরোদস্তুর শিল্পায়ন করতে পারিনি। উত্পাদন শিল্পকে ততটা উন্নত করে তুলতে পারিনি। এটাও ঠিক যে চীনের প্রায় দেড় দশক পর আমরা কাজটা করতে শুরু করেছিলাম। তবে চীন যেভাবে সংস্কারটা করতে পেরেছে আমরা সেভাবে পারিনি। গতকাল কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এসব কথা জানানো হয়।
