ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়ার আগে জানালেন, ম্যাচটা নিয়ে পুরো দলই রোমাঞ্চিত। তবে ম্যাচটির আগে দলের পারফরম্যান্সে উন্নতির আহ্বান জানিয়েছেন তিনি।
রিয়ালের মাঠে প্রথম লেগে ইস্কোর গোলে পিছিয়ে পড়ার পরেও গ্যাব্রিয়েল জেসাস আর কেভিন ডিব্রুইনের গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। প্রতিপক্ষের মাঠে দুটো অ্যাওয়ে গোল নিয়ে ফেরার কারণে ফিরতি লেগে ১-০ ব্যবধানে হারলেও শেষ আটে উঠে যাবে গার্দিওলার শিষ্যরা। সম্প্র্রতি ম্যানসিটির ওয়েবসাইটে সে ম্যাচের প্রস্তুতি নিয়ে গার্দিওলা বলেন, ‘আমরা মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা নিয়ে দারুণ রোমাঞ্চিত আর আশাবাদীও।’
তবে আর্সেনালের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে হারের ফলে একটা বড় সতর্কতাই পেয়েছে দলটি। কোচ গার্দিওলা জানালেন, সে ম্যাচ থেকে অন্তত ভালো খেলতেই হবে দলকে, ‘আমরা জানি আর্সেনালের বিপক্ষে যেমন খেলেছিলাম তার চেয়ে ভালো অন্তত খেলতে হবে আমাদের, তাহলেই একটু সুযোগ থাকবে। যদি না থাকে তাহলে বিদায় নিতে হবে।’
ম্যাচটাকে একটা ফাইনাল হিসেবেই দেখছেন গার্দিওলা। বললেন, ‘একে ফাইনাল হিসেবে ধরেই প্রস্তুতি নিতে হবে আমাদের। করোনা ভাইরাসের কারণে তিন মাস বাইরে ছিলাম আমরা। আমরা খুব বেশি অনুশীলন করব। অনেক সময়ে আমরা সামগ্রিক দিক বিবেচনা করে অনুশীলন করি, কিন্তু এখন একটা বিশেষ দলকে লক্ষ্যে রেখে অনুশীলন করব।’
ইত্তেফাক/ইউবি
