আজ তানভীর তারেকের ‘জীবন যেখানে যেমন’ এর অতিথি মিথিলা

আপডেট : ২২ জুলাই ২০২০, ১৬:১১

এই বৈশ্বিক সংকটময় করোনাকালে অনেকেই ফেসবুকে সরাসরি আড্ডার মাধ্যমে বিভিন্ন সংযোগ-সঙ্গীত বা আলোচনা, ক্লাশ বা বিনোদনের অনুসঙ্গে অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় একেবারে শুরু থেকে তানভীর তারেক এর নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘জীবন যেখানে যেমন’ নামের একটি আড্ডা প্রচার হচ্ছে। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানটিতে শোবিজসহ সমাজের নানান স্তরের গুণী মানুষদের নিয়ে আড্ডা হয়। তানভীর তারেক এর গ্রন্থনা ও সঞ্চালনায় আজকের আড্ডার অতিথি রাফিয়াত রশীদ মিথিলা।
 
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘আমি সবসময়ই বলি প্রতিটি মানুষের যাপিত জীবনের নানান বাঁকবদলের গল্প থেকে শিখবার আছে। এ কারণেই আমার এই সিরিজের ইন্টারভিউ গুলোতে খুব সাবলীল ভাবে জীবনের টুকরো গল্পগুলো শুনবার ও শোনাবার চেষ্টা করছি।’ 

তিনি বলেন, ‘মিথিলা আমাদের এ দেশের গুণী একজন শিল্পী। অথচ তার ব্যক্তিজীবনের কিছু বিচ্ছিন্ন প্রেম-অপ্রেমের গল্প, কিংবা দেশের অন্যতম জনপ্রিয় তারকা তাহসানের সাথে প্রেম বিয়ে অতঃপর বিচ্ছেদ বা ওপার বাংলার সবচেয়ে দামী নির্মাতা সৃজিতকে বিয়ের খবর ছাড়া তার জীবনের যেন অন্য কোনো আলোচনার বিষয়বস্তু করিনি আমরা তাকে। এসব আমাকে বিষ্মিত করে। লজ্জাও দেয় একজন গণমাধ্যকর্মী হিসেবে। এ কারণেই আজ রাতে জীবনের নানান ছোট গল্প শুনতে চাইব মিথিলার কাছে। আশা করছি দর্শকদের জন্যও এটি দারুণ উপভোগ্য হবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আশঙ্কা

উল্লেখ্য, এর আগে ৩৯ টি পর্বে দেশের একাধিক গুণী তারকার আড্ডাসহ জীবনের গল্প নিয়ে সরাসরি আড্ডা প্রচার হয়েছে। আজ ২২ জুলাই রাত ১০ টায় তানভীর তারেক এর নিজস্ব ইউটিউব, ফেসবুকে আড্ডাটি প্রচার হবে।

ইত্তেফাক/আরআই