নবীনগরে খেয়া পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের ‘মনতলা ঘাট থেকে সীতারামপুর’ ঘাট পর্যন্ত নৌকা পারাপারে আবারও ১০ টাকার স্থলে ২০ টাকা করে আদায় করছেন ইজারাদারের লোকজন। এর আগে গত বছর এ নৌঘাটে জেলা পরিষদ থেকে ‘মাশুল তালিকা’ টানানো হলেও প্রশাসনের কঠোর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত এক মাস ধরে ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে আদায় করা হচ্ছে। মনতলা নৌঘাটে জেলা পরিষদ থেকে টানানো ‘মাশুল তালিকা’ সেখানে বলা হয় কোনোভাবেই যেন একজন ব্যক্তির কাছ থেকে ১০ টাকা ও মোটরসাইকেল ৪০ টাকা ও গরু-মহিষের জন্য ১০ টাকার বেশি নৌকা ভাড়া আদায় করা না হয়। আর এ নিয়ে প্রায় প্রতিদিনই যাত্রীদের সঙ্গে ভাড়া আদায়কারীদের কথা কাটাকাটিসহ নানা সমস্যা হয়।

ভুক্তভোগীরা জানান, সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাতায়াতের জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন এ রাস্তাটি ব্যবহার করে থাকে। তাছাড়াও উপজেলার উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এ খেয়াঘাট দিয়ে নবীনগর উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু খেয়াঘাটের ইজারাদারদের লোকজন গত কয়েক মাস ধরে যাত্রীদের কাছ থেকে জন প্রতি ১০ টাকার বদলে ২০ টাকা করে আদায় করছেন। পাশাপাশি মোটরসাইকেল পারাপারে ৪০ টাকা নেওয়ার নির্দেশনা থাকলেও ইজারাদারের লোকজন প্রতি মোটরসাইকেলের জন্য ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত ভাড়া করে আদায় করছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি জানান, বর্তমান করোনা সময়ের কথা  বিবেচনা করে ঐ ঘাটে খাস কালেকশন করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মাশুল তালিকার বাইরে গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে তাদের ডাক বাতিল করে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল বলেন, কোনো অবস্থাতেই ভাড়া বেশি নেওয়া যাবে না। সবাইকে জেলা পরিষদের টানানো ‘মাশুল তালিকা’ অনুসরণ করার কথা বলেছেন তিনি।