পৃথক স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চার জনের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৩৮

ইত্তেফাক ডেস্ক

তিন জেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীসহ চার জনের মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর—

টাঙ্গাইলের মির্জাপুর সংবাদদাতা জানান, বন্যার পানিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বলরাম রাজবংশী (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার বহুরিয়া গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. আল মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জে শাহজাদপুর সংবাদদাতা জানান, বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের হজরত আলী (৩২) নামে এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। সে মৃত সওকাত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বন্যার পানি ওঠায় নিজ বাড়িতে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় সে বিদ্যুত্তায়িত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের কালীগঞ্জ সংবাদদাতা জানান, উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রুহুল আমিন টোকন (৩১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে শহরের আড়পাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জের ছাতক সংবাদদাতা জানান, উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি নোয়ারাই ইউনিয়নের চরবারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। বুধবার সকালে নিজ বাড়ি থেকে কলাগাছের ভেলায় করে মাঠে যাওয়ার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।