স্টাফ রিপোর্টার, রাজশাহী
অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী কর্পোরেট শাখায় (সাহেববাজার জোডাক প্যালেস) জমা দেওয়ার সময় কাউন্টারের সামনে থেকে চুরি হওয়া ১৭ লাখ টাকা উদ্ধার হয়নি। তবে পুলিশ বলছে, টাকা উদ্ধার হবেই। গত ২০ জুলাই দুপুরে ব্যাংকে জমা দেওয়ার সময় রাজশাহীর মেসার্স সরদার পেট্রোলিয়াম এজেন্সির ম্যানেজার মাহফুজুর রহমান রিপন টাকাগুলো জমা দিতে এসেছিলেন। তিনি যখন ভাউচার লিখছিলেন তখন পাশে থাকা ব্যাগ চুরি হয়ে যায় বলে তিনি দাবি করেন।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, সিসিটিভির ফুটেজ দেখে টাকা চুরি যাওয়া বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, টাকা নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তবে মুখে মাস্ক পরে থাকার কারণে কাউকে চেনা যাচ্ছে না। পুলিশ ম্যানেজার রিপন ও তার সঙ্গে থাকা আব্দুর রাজ্জাক ট্রেডার্সের ম্যানেজার শফিকুল ইসলাম অপুকে জিজ্ঞাসাবাদ করেছে।
