প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯ মহামারির কারণে সারাদেশেই ব্যবস্থা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা (এমএসএমই) এখনো প্রণোদনা প্যাকেজ হতে আশাব্যঞ্জক ঋণ সহায়তা পাননি। এ অবস্থা মোকাবিলায় এসএমই লিংকেজ নীতিমালা প্রণয়ন, দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দ্রুততার সঙ্গে প্রণোদনার প্যাকেজ হতে ঋণ সহায়তা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে পুরোনো ঢাকার ব্যবসায়ীরা। পাশাপাশি কোভিড সময়ে বকেয়া ট্যাক্স, ভ্যাট, বিদ্যুত্, গ্যাস ও পানির বিল ১ বছর স্থগিত রেখে পরবর্তী বছরে তা কিস্তিতে পরিশোধের আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল ‘পুরোনো ঢাকার ব্যবসা-বাণিজ্যের অবদান বজায়ে রাখার লক্ষ্যে চলমান পরিস্থিতিতে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য করণীয় নির্ধারণে এলাকাভিত্তিক ও বিশেষায়িত ব্যবসায়ী সমিতিসমূহের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে, যেখানে ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআইর সভাপতি শামস মাহমুদ বলেন, সরকারের ঘোষিত প্রণোদনার প্যাকেজ হতে এ খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তা প্রদানের ব্যাংকসমূহও তেমন আগ্রহ দেখাচ্ছে না। এর কারণ হিসেবে তিনি বলেন, আমাদের দেশে বেশির এসএমই উদ্যোক্তাই ব্যাংক সেবার সঙ্গে তেমনভাবে সম্পৃক্ত নয়। এখাতের উদ্যোক্তাদের সবসময়ই ঋণের অপ্রতুলতা, বাজারের অভিগম্যতার অভাব, পণ্যের গুনগতমান বৃদ্ধি না করা, প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাব এবং সর্বোপরি দক্ষ জনশক্তির অভাব প্রভৃতি সমস্যার মুখোমুখি হতে হয়। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এমএসএমই লিংকেজ নীতিমালা প্রণয়ন এবং এ খাতের উদ্যোক্তাদের ট্যাক্স, ভ্যাট এবং বিদ্যুত্, গ্যাস ও পানির প্রভৃতির বিল ১ বছর স্থগিত রেখে, পরবর্তী বছরে কিস্তিতে প্রদানের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মানিত অতিথির বক্তব্যে হোসেন খালেদ বলেন, কোভিড-১৯ এর ফলে উদ্যোক্তাদের বিক্রয়ের পরিমাণ ৩৫ শতাংশে নেমে এসেছে, এর ফলে উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এ অবস্থা উন্নয়নে তিনি পার্শ্ববর্তীসহ অন্যান্য দেশ কী করছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ আভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন মালিক, ঢাকা শিল্প মালিক সমিতির সভাপতি হোসেন এ সিকদার, ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারী সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মওলা প্রমুখ বক্তব্য রাখেন ।