এবার ফুটবলে আসছেন সেরেনা

আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

ফুটবলে আসছেন সেরেনা উইলিয়ামস। তবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা খেলোয়াড় হিসেবে নন, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলাটির নারী সংস্করণে নাম লেখাচ্ছেন ক্লাব মালিক হিসেবে।

জানা গেছে, ২০২২ সালের ‘ন্যাশনাল ওমেন্স সকার লিগ (এনডব্লিউএসএল)’ মৌসুমে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি ক্লাব গড়তে আরো অনেকের সঙ্গে মিলে অর্থায়ন করবেন।

ক্লাবটির সম্ভাব্য নাম ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে মালিকেরা এটিকে ডাকছেন ‘অ্যাঞ্জেল সিটি’ নামে। তার সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের অনেক বড় মাপের তারকারাও থাকবেন। এদের অন্যতম হলেন অস্কার বিজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তবে এই ক্লাবের মালিকদের মধ্যে নারীদের সংখ্যাধিক্য থাকবে।

বর্তমানে এনডব্লিউএসএলে ক্যালিফোর্নিয়া থেকে কোনো দল নেই। এনডব্লিউএসএল কমিশনার লিসা বেয়ার্ড বলেন, লস অ্যাঞ্জেলেসে নারী ফুটবল নিয়ে ‘ব্যাপক’ আগ্রহ আছে। এ কারণে লিগটিতে এখানকার একটি ক্লাব থাকার ুব্যাপারে দীর্ঘ সময় ধরেই আলোচনা ছিল।

সেরেনা উইলিয়ামসের স্বামী অ্যালেক্সি হলেন টেক কোম্পানি রেডিটের সহপ্রতিষ্ঠাতা। তিনিও এই সম্ভাব্য ক্লাবের অন্যতম মালিক। এমনকি এই দম্পতির দুই বছর বয়সি কন্যা অলিম্পিয়াও আছে মালিক হিসেবে।

মালিকদের এই গ্রুপে আছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের ১৪ জন সাবেক খেলোয়াড়, অভিনেত্রী ইভা লংগোরিয়া, জেনিফার গার্নার, উজো আদুবা, জেসিকা চেস্টেইন ও আমেরিকা ফেরেরা। এছাড়া থাকবেন প্রযুক্তি ও গণমাধ্যমের লোকজন।

অভিনেত্রী নাটালি পোর্টম্যান এ উদ্যোগ সম্পর্কে বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেস থেকে নারীদের একটা পেশাদার দল গড়তে এরকম সব মানুষের এই অবিশ্বাস্য গ্রুপটির সঙ্গে অংশীদারিত্বের সুযোগ পেয়ে আমি অভিভূত।’