স্পোর্টস রিপোর্টার
আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ইংল্যান্ডের। এটা কার্যত সিরিজের ফাইনাল। কারণ, সিরিজ এখন ১-১ সমতায় আছে। এই শেষ টেস্টের আগে মধুর সমস্যায় আছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট।
প্রথম দুই টেস্টে পুরো ভিন্ন দুটি পেস আক্রমণ খেলিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে অভিজ্ঞ জিমি অ্যান্ডারসনের সঙ্গে ছিলেন মার্ক উড ও জোফরা আর্চার। পরের টেস্টে স্টুয়ার্ট ব্রডের সঙ্গী ছিলেন ক্রিস ওকস ও স্যাম কারান। কেবল পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস ছিলেন দুই টেস্টেই। এখন সমস্যা হলো, ফর্মে থাকা এই ছয় পেসারের মধ্যে শেষ টেস্টে কোন তিন জন খেলবেন।
সিলভারউড সেই কঠিন পরীক্ষার জন্য তৈরি। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ জানালেন, শেষ টেস্টে কোনো বিশ্রাম বা পরীক্ষা-নিরীক্ষার পথে যাবেন না তারা, ‘সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামতে হবে আমাদের। সবাইকে সবসময় খুশি করা কঠিন। তবে সঠিক কারণে কোনো সিদ্ধান্ত নিলে, আশা করি সবাই সেটি অনুধাবন করতে পারবে। ব্যাপারটি হলো সিদ্ধান্তগ্রহণে সত্ থাকা এবং যা করতে চাচ্ছি ও যে কারণে চাচ্ছি, সেটি নিয়ে খোলামেলা কথা বলা।’
