চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে নালায় পড়ে গিয়ে মৃত্যুবরণকারী দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নগরীর হালিশহর এলাকার মহেশখাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরা হলেন—মুন্নি আক্তার ও ঝুমা। জানা গেছে, গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদ এলাকায় পথ চলতে গিয়ে দুই কিশোরী নালায় পড়ে নিখোঁজ হয়। ঘটনার চার ঘণ্টা পর রাতে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অন্যজন নিখোঁজ ছিল।
গতকাল বুধবার সকালে অন্য কিশোরীর লাশ পাওয়া যায় হালিশহর মহেশখালে। স্থানীয়রা জানান, গত কয়েক দিন টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরীর অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এ সময় আগ্রাবাদ এলাকায় রাস্তায় হাঁটার সময় মুন্নী ও ঝুমা নামের দুই কিশোরী বড় নালায় পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে কয়েক ঘণ্টার চেষ্টায় প্রথমে মুন্নীর মরদেহ উদ্ধার করে। পরে বুধবার সকালে মহেশখাল থেকে ঝুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারে শোকের মাতম চলছে।
