বরিশালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:০৭

বরিশাল অফিস

বরিশাল জেলার বিভিন্ন থানায় ২৪টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃত তিনটি ডাকাতি মামলার আসামি বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী এলাকার বারেক হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার (৩২), মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের পুত্র ডাকাতিসহ ১৪টি মামলার আসামি লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার হরিপাশা এলাকার শাজাহান মোল্লার পুত্র ডাকাতিসহ সাতটি মামলার আসামি লিটন মোল্লা।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে রামদা, বগিদা ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, আটককৃতরা নতুন করে নগরীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।