টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে র্যাবের মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে সশস্ত্র এক ডাকাত সদস্য নিহত ও দুই জন র্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রাদি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার ভোররাতে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল সড়ক ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে উপজেলার কেরুনতলী এলাকায় অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র্যাবের দুই সদস্য আহত হলে সর্তক অবস্থান নেয়। এরপর র্যাব সদস্যরা সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে অত্যাধুনিক ও দেশীয় দুটি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা বুলেটসহ নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. শফির পুত্র এবং ডাকাত খালেক গ্রুপের সশস্ত্র সদস্য মো. রশিদ (২৮) ওরফে গুলিবিদ্ধ অটো এবং র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুলিবিদ্ধ ডাকাতকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। প্রশাসনিক কার্যক্রম শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) র্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে উক্ত ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
