স্টাফ রিপোর্টার, রাজশাহী
বাংলাদেশ মসজিদ মিশনের রাজশাহী জেলা শাখার নিবন্ধন বাতিল করতে সমাজসেবা কার্যালয়কে আধা-সরকারি পত্র (ডিও) দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। গতকাল মঙ্গলবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে এই ডিও দিয়েছেন তিনি। এতে এমপি বাদশা বলেন, অরাজনৈতিক সংস্থা হিসেবে নিবন্ধন নিয়ে মসজিদ মিশন রাজশাহীতে জামায়াত-শিবিরের সরাসরি সম্পৃক্ততায় পরিচালিত হচ্ছে। শুরু থেকেই সংস্থাটির কর্মকাণ্ড স্বাধীনতাবিরোধী এবং জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণামূলক। তাই এটির নিবন্ধন বাতিল করা প্রয়োজন। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় অবস্থিত বাংলাদেশ মসজিদ মিশনের রাজশাহী জেলা শাখা ১৯৭৬ সালের ২৯ জুন জেলা সমাজসেবা কার্যালয় থেকে ‘অরাজনৈতিক সংস্থা’ হিসেবে নিবন্ধন নেয়।
