চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে হাটহাজারী থেকে মো. মিজানুর রহমান নামে এক ভুয়া সেনাসদস্যকে আটক করে র্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র উদ্ধার করা হয়। গতকাল বুধবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. বায়েজিদ হোসাইন নামে এক ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে আড়াই লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেবে বলে তাকে প্রলোভন দেখায়। পরবর্তীকালে ঐ নিয়োগের জন্য বায়েজিদের পরিবার কথিত সেনাসদস্য মিজানুর রহমানকে প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বায়েজিদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও অন্যান্য কাগজের ফটোকপি দেয়।
