এএফপি
বলিভিয়ায় পাঁচ দিনে রাস্তা ও বাড়িঘর থেকে চার শতাধিক মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে।
বলিভিয়ার জাতীয় পুলিশের পরিচালক কর্নেল আইভান রোজাস স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জুলাইয়ের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে কোচাবামবা মেট্রোপলিটন এলাকা থেকে ১৯১ জন এবং লাপাজ থেকে ১৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দেশটির বৃহত্তম শহর সান্তা ক্রুজ কর্তৃপক্ষ বলেছে, তারা ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে। রোজাস বলেন, প্রায় ৮৫ শতাংশ মৃতদেহে কোভিড-১৯ পজিটিভ উপসর্গ পাওয়া গেছে। এদের করোনা সংক্রমণে মৃত হিসেবে রেকর্ড করা হবে। এছাড়া অন্যদের অসুস্থতা ও সহিংসতায় মৃত্যু হিসেবে রেকর্ড করা হবে।
বলিভিয়ায় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ। দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি। এদের প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে এই শহরে। ১ কোটি ১০ লাখ লোকের দেশ বলিভিয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা ভাইরাসে মোট ২ হাজার ২০০ লোকের মৃত্যু হয়েছে।
