প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পেছাতে পারে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:১২

রয়টার্স

করোনা ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক সামরিক মহড়া বিলম্বিত হতে যাচ্ছে। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং ডু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের মধ্যে এ বিষয়ে টেলিফোনে আলাপ হয়। কিন্তু এ নিয়ে উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

সাধারণত বার্ষিক এই মহড়া আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করায় নির্ধারিত এই বৈঠক যথাসময়ে হচ্ছে না বলে বৈঠকে তেমনই ইঙ্গিত করা হয়েছে। যদিও এ ব্যাপারে দুই দেশের তরফ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ঐ দিনের বৈঠক সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ইউএস ফোর্সেস কোরিয়া বা ইউএসকেএফ জানিয়েছে, গত তিন সপ্তাহে তাদের বাহিনী, পরিবার ও কর্মচারীদের মধ্যে প্রায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ‘আমরা এখনো আশা ছেড়ে দেইনি। তবে পুরো বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমরা দিনক্ষণ ও মহড়ার পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করছি এবং এ ব্যাপারে আমরা সার্বক্ষণিক অগ্রগতি পর্যালোচনা করছি।’ তারা বলেন, ‘আমরা সর্বাগ্রে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। আর এ বিষয়েই সবার গুরুত্ব দেওয়া উচিত।’

দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার মার্কিন সৈন্য রয়েছে। তাই বর্তমান করোনা পরিস্থিতিতে বাহিনীর স্বাস্থ্যগত দিকের কথা বিবেচনা করে বার্ষিক এই মহড়া বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলোচনাকালে কোরিয়া থেকে এই অবস্থায় মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো কথাবার্তা হয়নি।