ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর অর্পিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সে দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। দায়িত্ব আমাদের দিন, আমরা দীর্ঘমেয়াদি মহা-পরিকল্পনার মাধ্যমে এই ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব।
গতকাল বুধবার জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণী এক জরুরি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামকে এই অনুরোধ করেন।
ডিএসসিসি মেয়র মন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু করপোরেশন এলাকায় বর্তমান এই জলাবদ্ধতার জন্য দায়ী সংস্থাগুলোর সংস্থা-প্রধান ও প্রতিনিধিবর্গ যেসব তথ্য দিয়েছেন, সে তথ্যগুলো পুরোপুরি সঠিক নয়।
ডিএসসিসি মেয়র স্থানীয় সরকার মন্ত্রীকে পাউবো ও ওয়াসার হয়ে উপস্থাপিত উন্নয়ন কার্যক্রমগুলো সরজমিনে পরিদর্শনের জন্য অনুরোধ করলে মন্ত্রী এতে সম্মতি দেন।
এরপর বিকেলে ডিএসসিসির ১৪ নম্বর, ২২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের খাল ও পাম্প স্টেশনে পরিদর্শনে যান। খালগুলো ময়লা-আবর্জনা জমে পড়ে থাকায় ও পাম্প হাউজের নিশ্চলতা দেখে উপস্থিত সবাই হতাশা প্রকাশ করেন। তারপর সোনারগাঁ হোটেলের পাশে হাতিরঝিল স্লুইসগেইট পরিদর্শন করেন মন্ত্রী।
