শনাক্ত কমেছে মৃত্যু বেড়েছে

আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:৫০

বিশেষ প্রতিনিধি

দেশে একদিনে করোনা ভাইরাসে শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু। দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৩৭তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। মঙ্গলবারের চেয়ে গতকাল ১ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।

গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল     এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩৬ জন কম সুস্থ হয়েছেন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৮২ শতাংশ।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩১৩ জন কম শনাক্ত হয়েছেন। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৬৬ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১৩ হাজার ২৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯৭৬ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ১৪৯ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ১৭৩টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৮৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৮৪৮টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ২০ বছরের বেশি বয়সি একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব আটজন এবং আশির্ধ্ব একজন রয়েছেন। বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে একদিনে করোনায় মৃতদের মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, আটজন চট্টগ্রাম বিভাগের, দুইজন রাজশাহী বিভাগের, তিনজন সিলেট বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং তিনজন খুলনা বিভাগের রয়েছেন।