একজন জগদ্বিখ্যাত বিজ্ঞানী। অন্যজন হলিউডের নামকরা অভিনেতা। দুই জন দুই মেরুর দুই বাসিন্দা। অথচ দুই মেরুর সেই দুই তারার মধ্যেই এক সময়ে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের মধ্যে গড়ে উঠেছিল সেই অনন্য বন্ধুত্ব। তাদের সেই বন্ধুত্বের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছে নোবেল কমিটি।
তাদের বন্ধুত্বের শুরু ১৯৩০-৩১ সালে। ওই সময় আইনস্টাইন যুক্তরাষ্ট্রে যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির আমন্ত্রণে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বিজ্ঞানের জগতে আইনস্টাইন তখন সূর্য। তার খ্যাতির দীপ্তি তখন চারদিকে। সেই আলোতে আকৃষ্ট হয়ে ভিড় জমাতেন হাজারো ভক্ত। খবরের কাগজওয়ালারা আইনস্টাইনের বলা প্রতিটি শব্দ টুকে নিতেন। বড় বড় বাতিওয়ালা ক্যামেরা জ্বলত শব্দ করে। এমনই এক সময়ে চ্যাপলিনের সঙ্গে দেখা হয় আইনস্টাইনের। তার অভিনয়খ্যাতিও তখন আকাশ ছুঁয়েছে। মূলত আইনস্টাইনকে এক চলচ্চিত্র নির্মাতার মাধ্যমে খুঁজে সাক্ষাত্ করেছিলেন চ্যাপলিন। হলিউডের একমাত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের সঙ্গেই দেখা করতে চেয়েছিলেন আইনস্টাইন।
প্রথম পরিচয় থেকেই চ্যাপলিন ও আইনস্টাইনের বন্ধুত্ব জমে গিয়েছিল। চ্যাপলিন সে সময় তার মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র ‘সিটি লাইটস (১৯৩১)’-এর প্রথম শো দেখতে আইনস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ছবিটি দেখতে আইনস্টাইন একেবারে চ্যাপলিন সাজে হাজির হয়েছিলেন। এভাবেই বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও কিংবদন্তি কৌতুক অভিনেতা চ্যাপলিন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। —এনডিটিভি
