লাদাখে ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৩৯

সামরিক পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা হলেও পূর্ব লাদাখে ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন। ভারতের সরকারি একটি সূত্র এই তথ্য জানিয়েছে। ভবিষ্যত আশংকায় নিজেদের প্রস্তুত করছে ভারতীয় বাহিনীও। খবর এনডিটিভ ও ইন্ডিয়া টাইমসের

সূত্রের খবর, গোগরা ও হটস্প্রি এলাকায় এখনো ভারতীয় সীমানাতে ঢুকে রয়েছে চীনের সৈন্যরা। এমনকি যে প্যাংগং লেক নিয়ে এত বিতর্ক, সেই লেকের ফিঙ্গার ৫ এলাকা থেকে এখনো সরেনি চীনা সেনাবাহিনী। ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এখনো যেতে পারছেন না ভারতীয় সেনাবাহিনী। অভিযোগ পাওয়া গেছে, উল্টো ঐ এলাকা থেকে ভারতের ওপর নজরদারি চালাতে পাকা ওয়াচ টাওয়ার বানাচ্ছে বেইজিং। সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে সমঝোতা হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিতর্কিত অংশ থেকে সেনা সরাতে নারাজ চীন।

এদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতীয় সশস্ত্রবাহিনী। ভারতীয় নীে-বাহিনীর হাতে থাকা মিগ-২৯ যু্দ্ধবিমান ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে দেশের উত্তরভাগের একটি বিমান ঘাঁটিতে। চীনকে যাতে দ্রুত প্রত্যাঘাত করা যায় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনী লাদাখে নজরদারি চালাতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে যার নাম দেওয়া হয়েছে ‘ভারত’। সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন উঁচু পাহাড়ি এলাকায় নজরদারি চালাতে বিশেষভাবে সক্ষম।