আমেরিকার অবস্থা আরো খারাপ হবে: ট্রাম্প

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৫২

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরিস্থিতি আরো খারাপ হবে। তারপর অবস্থা ভালো হবে। ট্রাম্প যখন এই কথা বলেন তখন আমেরিকায় প্রা ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৪১ হাজারের বেশি। খবর ডয়চেভেলে ও সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা হলো করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হবে। আমি এ কথা বলতে চাইনি। কিন্তু পরিস্থিতি এ রকমই। কিছু রাজ্য ভালো করেছে, কিছু রাজ্য করছে না। আমাদের দক্ষিণের অনেক জায়গায় করোনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি বলেন, আমরা সবাইকে বলছি—সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে মাস্ক পরুন। আপনার মাস্ক পরা পছন্দ হতে পারে, নাও পারে। কিন্তু মাস্কের একটা প্রভাব আছে। অথচ ট্রাম্প নিজেই এটা মানতে চাইছিলেন না, মাস্ক পরেননি। সেই ট্রাম্প এখন বলছেন, আমি মাস্ক পরতে অভ্যস্ত হয়ে গেছি, সমস্যা হচ্ছে না। আমি সব জায়গায় মাস্ক নিয়ে যাচ্ছি। পরছি। পরবও। ট্রাম্প বলেন, যত দেরি হবে বলে মানুষ মনে করছে তার চেয়ে আগেই আসছে ভ্যাকসিন। আমাদের লক্ষ্য করোনা নিয়ন্ত্রণ নয়, শেষ করে দেওয়া। তার মতে, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করেছে। পরের অবস্থান ভারতের।

ট্রাম্পের সমালোচনায় ওবামা ও বাইডেন

নির্বাচনী প্রচারণার এক ভিডিও বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন করোনা ভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছেন। তারা বলেছেন, যথাযথ পদক্ষেপ নিলে এত মানুষের প্রাণ যেত না। এদিকে বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জনমত জরিপে ট্রাম্পের চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছেন জো বাইডেন।