জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ করোনা মোকাবিলা সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি। করোনা মোকাবিলায় ডিজির পদত্যাগই যথেষ্ঠ নয়, জাতির সঙ্গে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পাপের জন্য সংশ্লিষ্ট সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।
বিবৃতিতে জেএসডি নেতৃদ্বয় বলেন, দুর্নীতির যে ভয়াবহ বিস্তার ঘটেছে তা শুধু স্বাস্থ্য অধিদপ্তরে নয়, সমগ্র সরকার ব্যবস্থায় মহামারির মতো ছড়িয়ে পড়েছে। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা অপশাসন আর দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে। মূল সমস্যাকে চিহ্নিত না করে কিংবা মূল সমস্যা উচ্ছেদ না করে যে কোনো টোটকা ব্যবস্থা হবে নাটকীয়তার নামান্তর। ঘুণেধরা ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা একটি স্বাধীন দেশের জন্য অকার্যকর, একে পালটাতে হবে।
রব-ছানোয়ার আরো বলেন, সরকারের নীতি নির্ধারণ ও কাঠামোগত দুর্বলতা ও ব্যাপক দুর্নীতির কারণে সমগ্র চিকিত্সা ব্যবস্থা লণ্ডভণ্ড হওয়ার ফলে বাংলাদেশের মানুষ চিকিত্সাবিহীন হয়ে পড়েছে। স্বাস্ব্যের এই চরম লণ্ডভণ্ড অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন হবে বিদ্যমান অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে পুরোপুরি নতুন, যুগোপযোগী ও গণমুখী একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।
