স্বাস্থ্য অধিদপ্তরের সমালোচিত খাতগুলো খতিয়ে দেখবে সরকার --------------------স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০০:৫৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের যেসব খাত বেশি সমালোচিত সেগুলো ভালোভাবে খতিয়ে দেখা হবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্য চিকিত্সা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি না, তা খতিয়ে দেখা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কবে যোগদান করবেন জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন, তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না কিংবা হলেও তা কবে নাগাদ হবে—সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার ওপর চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে রকম সিদ্ধান্তই গ্রহণ করবে।’  স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)-কে বদলি করা হচ্ছে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।