রোমাঞ্চকর জয়ে শিরোপা-উত্সব লিভারপুলে

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:১৮

লিভারপুল শিরোপা উত্সবে মেতে ওঠার রাতে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে চেলসিকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে। এ হারের ফলে তালিকার তৃতীয় স্থান থেকে চারে চলে যাওয়া চেলসির শীর্ষ চারে না থাকার শঙ্কা আরো জোরদার হয়েছে। দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ ড্র করে তালিকার তিনে উঠে এসেছে।

অল রেডদের লিগজয় নিশ্চিত হয়েছিল বহু আগেই। তবে শিরোপা হাতে পাওয়ার কথা গত বুধবার রাতে। এদিন জয় না পেলে খুব ক্ষতি হতো না মোহামেদ সালাহদের। শিরোপা-উত্সবের রাতে চেলসির বিপক্ষে জয়বঞ্চিত থাকলে রঙটা ফিকে হতো বৈকি!

নাবি কেইটা, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড আর জর্জিনিও ওয়াইনাল্ডামের গোলে অ্যানফিল্ডে সে শঙ্কা মিলিয়ে যেতে সময় নিলো মোটে ৪৩ মিনিট। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য অলিভিয়ের জিরু চেলসির হয়ে একটা গোল শোধ করেন।

ট্যামি আব্রাহাম আর ক্রিশ্চিয়ান পুলিসিচের কল্যাণে দ্বিতীয়ার্ধে আরো দুটো গোল পায় সফরকারী চেলসি। তবে তার আগে-পরে রবার্তো ফিরমিনো আর অ্যালেক্স অক্সলেইড চেম্বারলিনের লক্ষ্যভেদ শিরোপা-উত্সবের আগে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এর আগে লিভারপুলের লিগ নিশ্চিত করার দিনে সমর্থকরা নিয়ম ভেঙে রাস্তায় নেমে এসে উত্সবে মেতেছিলেন। বুধবার এক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছিল স্থানীয় পুলিশ, কড়াভাবে সমর্থকদের রাস্তায় নামা বারণ করেছিল লিভারপুল। তবুও কিছু সমর্থক চলে এসেছিলেন অ্যানফিল্ডের আঙিনায়।

তাতে কিছুটা বিরক্তি প্রকাশ করে কোচ ক্লপ সমর্থকদের ঘরে থেকে উদ্যাপনের অনুরোধ জানান। বলেন, ‘আমরা আপনাদের আনন্দ দিতেই খেলছি, এটা যদি আপনারা না বোঝেন তবে আপনাদের সাহায্য করতে পারব না আমি। আপনারাও এবার আমাদের আনন্দ দিন, উত্সবটা ঘরে থেকে করুন। তবে, প্রস্তুত থাকবেন; ভাইরাসটা যখন মিলিয়ে যাবে তখন সবাই মিলে উদ্যাপন করব আমরা।’

প্রিমিয়ার লিগ-পূর্ব যুগে শেষবার যখন শিরোপা জিতেছিল লিভারপুল, সেবার দলের ডাগআউটে ছিলেন কিংবদন্তি কোচ কেনি ডালগ্লিশ। এবারের শিরোপা-উত্সবেও জড়িয়ে রইলেন সে কোচ। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের হাতে ট্রফিটা তুলে দেন সাবেক স্কটিশ কোচ।

তার হাত থেকে শিরোপা নিয়ে হেন্ডারসন বলেন, ‘তিনি ক্লাবের একজন কিংবদন্তি ও একজন বড় মাপের মানুষ। তাকে আমরা সবাই দারুণ ভালোবাসি। তার হাত থেকে শিরোপা নিতে পারাটা সত্যিই দারুণ কিছু।’ লিভারপুলের শিরোপা-উত্সবের আগে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়েও ড্র করে চেলসির সমান ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে চলে আসে শ্রেয়তর গোলগড়ের সুবাদে। ফলে হারানো স্থান ফিরে পেতে পয়েন্ট পেতেই হতো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের। কিন্তু চেলসি ম্যাচটা হেরে যাওয়ায় শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে পয়েন্ট জিততেই হবে, সমীকরণটা হয়ে দাঁড়িয়েছে এমন। তবে উলভসের বিপক্ষে চেলসি আর লেস্টারের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলই যদি হেরে যায় সে ক্ষেত্রে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড আর লেস্টার সিটি।