সারাজীবন অত্যন্ত শান্ত মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছেন। এক বছর ভারতীয় দলের কোচ ছিলেন, সেখানেও সাফল্য কম ছিল না। কিন্তু বলা হয়, কোহলিদের আপত্তির মুখে তাকে সরানো হয়েছে।
এক ইনস্টাগ্রাম সাক্ষাত্কারে অনিল কুম্বলে বললেন, সে নিয়ে তার আফসোস নেই। তবে শেষটা আরো ভালো হতে পারত।
সেই সময়টা সম্পর্কে বলতে গিয়ে কুম্বলে বলছিলেন, ‘আমি যে এক বছর ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে কাটিয়েছি, সেটা অসাধারণ ছিল। আমরা এক বছরের সময়টাতে সত্যিই ভালো করেছি।’
কুম্বলের ঐ সময়ে ভারত টেস্টে এক নম্বর দল হয়ে ওঠে। তারা এই সময়ে একটিমাত্র পরাজয়ের বিপরীতে ১২টি টেস্ট জিতেছিল। বর্তমানে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বলে বলছিলেন, দায়িত্বটা চালিয়ে যেতে না পেরে তার কোনো আফসোস নেই, ‘আমি যে অবদানটুকু রাখতে পেরেছি, সেটাতেই আমি সত্যিই খুশি। আমার কোনো আফসোস নেই। আমি জানি, শেষটা আরেকটু ভালো হতে পারত। কিন্তু যা হয়েছে, সেটাই ভালো। একজন কোচ হিসেবে আপনাকে জানতে হবে যে, কখন সরে যেতে হবে। আমি খুশি যে, এক বছরে আমি কিছু করতে পেরেছি।’
