মাঠেও মুশফিকের ভিডিওগ্রাফার

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:২৮

বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের নামই সবার আগে আসবে। নিজের অনুশীলনের মতোই একনিষ্ঠভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সম্প্রতি ইউটিউব চ্যানেল করার ঘোষণা দিয়েছেন তিনি। যেখানে নিজের ১৫ বছরের ক্যারিয়ারের নানা দিক, সাম্প্রতিক বিষয়ও তুলে ধরবেন মুশফিক। করোনাকালের শুরু থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে নিজের কর্মকাণ্ডের ভিডিও দিচ্ছিলেন তিনি।

গতকাল যেমন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের সঙ্গে ভিডিওগ্রাফারও দেখা গেল। এই উইকেটকিপার ব্যাটসম্যানের অনুশীলনের দৃশ্য ভিডিও করছিলেন আরেকজন। জানা গেছে, মুশফিক বাইরে থেকে কাউকে আনেননি। গতকাল তাকে ভিডিও করায় সাহায্য করেছেন বিসিবির এক স্টাফ।

করোনায় ক্রিকেটহীন দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় হয়েছেন। ১২ পর্বের শো করেছেন তামিম ইকবাল। সাকিব আল হাসানও ইউটিউব চ্যানেল খুলেছেন। জাতীয় দল, জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা নিজেদের কাজের ভিডিও পোস্ট করছেন ফেসবুকে।