ঈদের আগেই এইচপির হেড কোচ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:২৯

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) শুরু থেকেই হেড কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান সিমন হেলমুট। গত বছর অব্যাহতি নিয়ে ফিরে গেছেন তিনি। করোনার মাঝেই সর্বোচ্চ সতর্কতায় ঈদুল আজহার পরই শুরু হতে পারে এইচপির ক্যাম্প। ঈদের আগেই এইচপির জন্য নতুন হেড নিয়োগের কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। আগ্রহী কোচদের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ আবার মিটিংয়ে বসবে বিসিবি।

গতকাল বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। কোচ নিয়োগ, ক্যাম্প পরিচালনার সার্বিক বিষয় নিয়ে গত বুধবার জাতীয় দলের নির্বাচক, বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে মিটিং করেছিলেন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। আজ আবারও তারা বসবেন।  সূত্র জানায়, সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে আগ্রহী কোচদের। যদি কেউ আসতে রাজি হন এই মুহূর্তে, দেখা যাক। সবকিছু মিলে গেলে ঈদের আগে কোচ নিয়োগ হয়ে যেতে পারে। কালকে (আজ) আবার মিটিং আছে। আগস্টের মাঝামাঝি এইচপি ক্যাম্প শুরুর চিন্তা করছে বিসিবি। বুধবারের মিটিংয়ে এই আলোচনা হয়েছে। ক্যাম্পটা পুরোপুরি আবাসিক হবে। বিসিবি একাডেমি ভবনে থাকবেন ক্রিকেটার, কোচসহ সংশ্লিষ্ট সবাই। সেক্ষেত্রে ক্যাটারিংসহ সব ধরনের সার্ভিস দেওয়া ব্যক্তিদের নিয়ে সামগ্রিক পরিকল্পনা করা হচ্ছে। সব বিভাগের লোক নিয়ে নিবিড়ভাবে পরিচালিত হবে এইচপি ক্যাম্প। বুধবারের মিটিংয়ে হেড কোচ নিয়োগের বিষয়টি প্রাধান্য পেয়েছিল। মিটিংয়ের পর এইচপি চেয়ারম্যান দুর্জয় বলেছেন, ‘আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, এর ভেতরে যে কাজ ছিল যা করতে হবে, হেড কোচ নিয়োগের ব্যাপার আছে। যারা যারা আগ্রহ প্রকাশ করেছে শর্ট লিস্ট আমরা করেছি। যারা যারা আগ্রহ প্রকাশ করেছিল তাদের সঙ্গে আবার যোগাযোগ করে অ্যাভেইলএভিলিটি কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল করোনা মহমারির আগে। তাদের মন-মানসিকতা এখন কেমন, তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে কি না সেটা আবার নতুন করে জানতে হবে।  তাদের কাছে আবার জানতে চাইব।’