আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৫

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:০৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বুধবার রাতে সরকারি বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান যোদ্ধাসহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। তালেবানদের সঙ্গে আফগান সরকারের যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, নিরাপত্তা বাহিনীর এ হামলার ফলে সেটি বড় ধরনের একটি ধাক্কা খেল।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের আদ্রাসকান জেলার গভর্নর আলি আহমেদ ফকির ইয়ার জানান, বুধবার রাতে পর পর দুইটি বিমান হামলা হয়। বিমান থেকে একের পর এক বোমা ফেলা হয়। নিমেষের মধ্যে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। তালেবান অধ্যুষিত ঐ এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় হামলায় বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে। আলী আহমদ ফকির ইয়ার বলেন, ‘নিহত ৪৫ জনের মধ্যে আট জন বেসামরিক নাগরিক; কিন্তু বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কি না—তা পরিষ্কার হয়নি।’ আদ্রাসকানের পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং ৪৫ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন।

আফগান বাহিনীর দাবি, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান যোদ্ধারা; কিন্তু এতে সাধারণ গ্রামবাসী নিহতের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঐ এলাকায় আফগান বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে। তদন্তের ফলাফল জনসাধারণ ও গণমাধ্যমকে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।