বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা হলদারপুর গ্রামের বাসিন্দা। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, কামাল মিয়া এক ব্যক্তির জানাজা পড়তে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে আসেন। ফেরার পথে এক দল দুর্বৃত্ত কামাল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন কামাল মিয়াকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে নিয়ে যান। রাত ১২টার দিকে মারা যান কামাল মিয়া।
ওসি বলেন, বরইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে নিহত কামাল মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিপক্ষরাই জড়িত থাকতে পারে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
