হরিণঘাটা পর্যটন কেন্দ্র থেকে দুই জলদস্যুকে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো:পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রিয়াজ ও রাজু। কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। পরবর্তীতে কোস্ট গার্ড পালটা গুলি ছুড়লে বনের মধ্যে দৌড়ে পালানোর সময় দুই জনকে দুটি অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। রিপন বাহিনীর রিপনের বাড়ি তালতলী উপজেলার বগা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে অস্ত্রআইনে মামলা করেছে।
